কৃষক-শ্রমিক
মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী
রোদ-বৃষ্টি মাথায় নিয়ে
কৃষক মাঠের প্রাণ,
ঘাম ঝরিয়ে ফলায় মাঠে
সোনার মতন ধান।
তাদের হাতের ছোঁয়ায় জাগে
সবুজ মাঠের হাসি,
কৃষক ভাইয়ের শ্রমকে মোরা
তাই তো ভালোবাসি।
হাতুড়ি আর শাবল হাতে
শ্রমিক গড়ে দেশ,
তাদের শ্রমে কাটছে দেখো
দেশের দুঃখ-ক্লেশ।
দালানকোঠা রাস্তাঘাট
কলকারখানার চাকা,
শ্রমিক ছাড়া এই পৃথিবী
রইতো যে সব ফাঁকা।
কৃষক-শ্রমিক দুই ভাইয়ে
রাখছে সচল দেশ,
তাদের ত্যাগেই কাটছে মোদের
দিনগুলো সব বেশ।
শ্রদ্ধা জানাই তাদের প্রতি
সালাম জানাই শত,
তাদের অবদান এই বুকে
থাকবে অবিরত।

No comments:
Post a Comment