নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় চার অজ্ঞাতনামা পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোয়াইনঘাট থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চার ব্যক্তি একটি নৌকাযোগে ভারতীয় অবৈধ জিরা নিয়ে বাংলাবাজার এলাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে।
খবর পেয়ে পুলিশ সরকারি স্পিডবোট নিয়ে অভিযান চালিয়ে নৌকাটিকে ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে পুলিশ ৯৩০ কেজি, অর্থাৎ ৩১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে। এ সময় ২৫ ঘোড়াশক্তির ইঞ্জিনযুক্ত প্রায় ৪৫ ফুট লম্বা একটি কাঠের বারকি নৌকাও জব্দ করা হয়।
জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক ব্যবসা ও অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ও সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা সম্ভব হয়েছে।
ওসি আরও জানান, অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

No comments:
Post a Comment