মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কথিত একটি মানববন্ধনে গাজীপুরের কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও কালীগঞ্জ পৌর বিএনপি।
বুধবার (২৯ আগস্ট) প্রকাশিত এক প্রতিবাদলিপিতে দলটির নেতৃবৃন্দ বলেন, মানববন্ধনে চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার, মিথ্যা মামলা, হয়রানি ও অবৈধ বালু উত্তোলনসহ যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি স্থানীয় নন। বহিরাগত ও ভাড়াটে লোকজনকে ব্যবহার করে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। পাশাপাশি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও কথিত ‘বট বাহিনী’ এ ধরনের প্রচারণায় ইন্ধন দিচ্ছে বলেও দাবি করা হয়।
কালীগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ উত্থাপিত অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে মানববন্ধনের উদ্দেশ্য ও এর পৃষ্ঠপোষকতা তদন্ত এবং প্রচারিত অভিযোগ, ভিডিও ও ছবি যাচাইয়ের দাবি জানান তারা।
তারা আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান এবং সদস্য সচিব ইব্রাহিম প্রধান।
নেতৃবৃন্দ বলেন,
“আমরা অন্যায়ের পক্ষে নই, আবার মিথ্যা ও সাজানো অভিযোগের পক্ষেও নই। সত্য উদঘাটন হোক, অপপ্রচার বন্ধ হোক এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে প্রকাশ করা হোক।”
কালীগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

No comments:
Post a Comment