মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জে এক বাক্প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি ৭০ বছর বয়সী লোকমান হোসেনকে ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার লোকমান হোসেন কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত তরোব আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বিকেলে ২০ বছর বয়সী ওই বাক্প্রতিবন্ধী যুবতী প্রতিবেশী লোকমান হোসেনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে বাড়ির বারান্দায় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
পরে যুবতী বাড়িতে ফিরে তার মা ও ভাবিকে বিষয়টি জানান। পরদিন ২২ জুলাই সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত লোকমান হোসেন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শনিবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় তার ছেলের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
পরে রোববার দুপুরে গ্রেপ্তার লোকমান হোসেনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর মা বলেন, অভিযোগ দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযুক্তকে খুঁজছিল। প্রায় এক মাস পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোয় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন, যাতে ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সঙ্গে এমন ঘটনা না ঘটে।
অভিযুক্তের পরিবারের এক সদস্যও পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে তারা ধন্যবাদ জানান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, কালীগঞ্জ থানার একটি চৌকস দল শনিবার রাতে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে তার ছেলের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে কালীগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
তবে মামলাটি তদন্তাধীন এবং অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

No comments:
Post a Comment