শর্তের বেড়াজালে
মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী
ডিগ্রির মলাটে কি বাঁধা যায় সৃষ্টির উন্মাদনা?
সনদের ছাঁচে কভু মাপা যায় কবির সম্ভাবনা?
বয়সের ফ্রেমে যারা বাঁধতে চায় মুক্ত কলম,
তারা বোঝে না রে শিল্পের বুকে ভাবের মলম।
জ্ঞান তো ছড়ায় মহাবিশ্বের উন্মুক্ত পাঠশালায়,
অক্ষরজ্ঞান হার মানে হৃদয়ের তীব্র জ্বালায়।
চণ্ডীদাস কিবা লালন ফকির পড়েছেন কোন স্কুল?
নিয়মের বেড়াজালে আটকে রাখাটাই মস্ত ভুল।
ভাবের সাগরে যখন জোয়ার আসে আকুল মনে,
বয়সের হিসাব তখন তুচ্ছ হয় ক্ষণে ক্ষণে।
কিশোর সুকান্ত আঠারো বছর বয়সেই অমর,
আর রবীন্দ্রনাথ কি বৃদ্ধ বয়সেও হননি ভাস্বর?
প্রতিভা তো এক জলপ্রপাত, নিজস্ব গতিতে চলে,
কোন নিয়মের শিকল তাকে আটকে রাখবে ভূতলে?
শর্তের বেড়াজালে যারা বাঁধে সাহিত্য-সমাজ,
তাদের ভাবনাজুড়ে শুধুই বৃথা অহমিকার কাজ।
সৃষ্টি স্বাধীন, মুক্ত পাখির মতো ডানা মেলে,
সে কি কখনো প্রাতিষ্ঠানিক নিয়মের জুয়া খেলে?
তাই সাহিত্যের আঙিনায় শর্তের দেয়াল তোলা,
পাগলামি ছাড়া কিছুই নয়, এ সত্য হোক বলা।

No comments:
Post a Comment