কবিতা- ভালোবাসার উপঢৌকন
লেখকঃ সালাম মালিতা
বসন্তের কোকিল যখন জীবনসঙ্গী খুঁজতে ব্যস্ত
ঠিক তখন-
আমিও তোমাকে আমার করে পাই!
ভিড়েঠাসা শহরের অলিগলিতে ঘুরে ঘুরে
নিষ্প্রাণ কংক্রিটের মাঝেও-
তোমাকে পাই!
কী অপরূপা দেখতে তুমি...!
এই ধরণীর কোনো উপমায় বুঝি
তোমার সাথে মানানসই নয়,
সুডৌল অবয়ব, চুল, চোখ, ঠোঁট
কোনটা রেখে কোনটার বিবরণ দেব?
তুমি তো অনন্যা,
কোনো হৃদয়হীন খবিশ ছাড়া
তোমার সৌন্দর্য উপেক্ষা করতে পারবে না-
বিমুগ্ধ চিত্তে অবলোকন করতে বাধ্য হবে।
তোমার হেঁটে চলা....ওহ্!
ঘন নিকষ কৃষ্ণ রাশিরাশি চুলগুলো
তোমার নিতম্ব স্পর্শ করছিল-
পুরুষ হৃদয়ের কামনা-বাসনার কক্ষে তাই
পুরানো জিঞ্জির ভেঙেই সব ছয়লাপ করে দেয়।
মনের অজান্তেই কখন জানি
এক লহমায় তোমার সাথে চুক্তিপত্রে সই করি,
"আমি মানে তুমি আর তুমি মানে আমি"
-এই সহজ সূত্রের আবিষ্কার করে ফেলি!
বড্ড দুর্মূল্য উপঢৌকন...!
পটলচেরা মায়াবী চোখে সেদিন
এক চাহনিতেই মনের জমিন খরিদ করে নাও,
জীবনের সবচেয়ে দামি উপহার
স্মৃতিপটে..তোমাকে প্রথম দেখার ক্ষণটা-
অনুচ্চারিত শপথের লাল শালুতে মুড়ে
হৃদয়ের ডাকবাক্সে প্রেরণ কর।
দীর্ঘ প্রতীক্ষার পর
আশার বাতায়নে তোমার উপঢৌকন পাই,
দেখলাম তোমার মন আঙিনায় সদ্য প্রস্ফুটিত
লাল গোলাপের নির্যাস দিয়ে লিখেছ-
অপেক্ষা.....অপেক্ষা......অপেক্ষা
আর " অপেক্ষায় নাকি
সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসার বহিঃপ্রকাশ!"
মনের সকল আকুতি থরে থরে সাজিয়ে
একদম শেষের পৃষ্ঠায় ইতি টেনেছ-
" তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ।"
খুব ভালোবাসি তোমায়...!!

No comments:
Post a Comment