মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে একটি নামবিহীন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও সিলগালা করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে অর্থদণ্ড এবং কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার বেরুয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হালদার।
অভিযানে বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে একটি নামবিহীন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক আঃ রহেদের ছেলে মোঃ আলম শেখ (২৮)-কে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বাংলা মদ ও গাঁজা সেবনের দায়ে তিনজনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। তারা হলেন—তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মৃত আঃ কাদির হোসেনের ছেলে মোবারক হোসেন (৫১), চড়েরখোলা গ্রামের মৃত সেলেন পালমার ছেলে সুহৃদ পালমা (৪১) এবং সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইকবাল (৪৩)।
তাদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুইজনকে ৩০ দিন করে এবং একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, বেরুয়া গ্রামের ওই নামবিহীন প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে নকল পণ্য উৎপাদন করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। এসব নকল পণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে জানানো হয়েছে।
অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর মিজানুর রহমান, এসআই, কালীগঞ্জ থানা, গাজীপুর এবং বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য ও জননিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

No comments:
Post a Comment