কলঙ্ক মুছে যাক
মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী
অন্ধ চোখের বাঁধন ছিঁড়ে জাগো হে মহৎ প্রাণ,
সত্যের আলোয় দূর হয়ে যাক মিথ্যার অভিমান।
ধনী দরিদ্রে কোনো ভেদ রবে না এই আসনে,
ন্যায়ের পরশ জড়িয়ে থাকুক সুচারুশাসনে।
সবলের হাতে দুর্বল যদি নীরবে অশ্রু ফেলে,
আইন যেন তার পাশে দাঁড়ায় আশার প্রদীপ জ্বেলে।
অর্থের জোরে কমবে না কভু অপরাধীর সাজা,
বিধির বিধানে সবাই সমান সে হোক প্রজা বা রাজা।
ক্ষমতার লোভে বিকাবে না কভু ন্যায়ের দাঁড়িপাল্লা,
অন্তরে থাক সততার বল সহায় আছেন আল্লাহ।
কলঙ্ক মুছে যাক শত শত মিথ্যে সাক্ষীর মুখে,
সুবিচার এসে শান্তি ছড়াক প্রতিটি আর্ত বুকে।
শোষিতের চোখে অশ্রুর নদী থমকে দাঁড়াবে আজ,
সত্যের জয়গানে সেজে উঠুক আদালতের কাজ।
লোভের মোহেতে কাঁপবে না হাত টলবে না বিশ্বাস,
ঘাতকের বুকে নেমে আসবে চুরমার দীর্ঘশ্বাস।
নির্ভয়ে যেন গেয়ে উঠতে পারে সত্যের গান সবাই,
তোমার কলমে লেখা হোক শুধু মানুষের অধিকারের ঠাঁই।
অন্যায়ের কালো মেঘ কেটে গিয়ে হাসবে নতুন ভোর,
সুবিচারের এই পুণ্য আলোয় কাটুক আঁধার ঘোর।

No comments:
Post a Comment