নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন পেয়েছে সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল। এর ফলে দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা হাসপাতালটি দ্রুত চালু হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার হাসপাতালটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মক্তাদির।
পোস্টে তিনি জানান, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আধুনিক চিকিৎসাসেবার অধিকতর সুযোগ পাবেন।
নগরের চৌহাট্টা এলাকায় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়। ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হলেও পরিচালনাকারী কর্তৃপক্ষ নির্ধারণ না হওয়ায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। ফলে আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ভবনটি দীর্ঘদিন ব্যবহারবিহীন অবস্থায় ছিল।
জানা গেছে, ৬ দশমিক ৯৮ একর জমির ওপর নির্মিত ১৫ তলা ভবনের আট তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। ভবনটিতে আইসিইউ, সিসিইউ, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক বিভাগ, আউটডোর, ওয়ার্ড ও কেবিনসহ আধুনিক স্বাস্থ্যসেবার বিভিন্ন সুবিধা রয়েছে। হাসপাতালটিতে ১৯টি আইসিইউ বেড, ৯টি সিসিইউ বেড এবং ৪০টি কেবিন রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতালটি চালু করা গেলে সিলেটবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা প্রত্যাশা পূরণ হবে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপও অনেকাংশে কমবে।

No comments:
Post a Comment