সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দ্বিতীয় বারের মতো ডুবন্ত টিউবওয়েল থেকে উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়ির সামনে টগার হাওরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমেছে।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, শুকনো মৌসুমে ওই স্থানে গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসের চাপ বাড়তে থাকলে শ্রমিকরা আতঙ্কে সেখান থেকে সরে যান। পরে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এর আগে গত ৩ জানুয়ারি একই স্থানে প্রথমবারের মতো গ্যাস উদগীরণের ঘটনা ঘটে। তখন উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেলেও তাদের পৌঁছানোর আগেই গ্যাস নির্গমন বন্ধ হয়ে যায়।
সোমবার আবারও বর্ষার পানির মধ্যেই একই স্থান থেকে কাদাপানি মিশ্রিত গ্যাস বের হতে দেখে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। তাদের মতে, একই স্থান থেকে বারবার গ্যাস বের হওয়া বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত হতে পারে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গত ৩ জানুয়ারি একই স্থান থেকে গ্যাস বের হয়েছিল। আজ সকালেও আবার গ্যাস নির্গমন শুরু হয়, যা দুপুরের দিকে বন্ধ হয়ে যায়। আগের ঘটনায় বাপেক্সকে জানানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও প্রয়োজনীয় গ্যাসচাপ না থাকায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এবারও বিষয়টি তাদের জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment