সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজার সংলগ্ন রাধানগর ডাঃ ইদ্রিছ আলী উচ্চ বিদ্যালয়ের সড়কে একটি বিশালাকার গাছ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠে যাওয়ার প্রধান সড়কের একদম কিনারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে গাছটি। বড় যানবাহন চলাচলের সময় নিয়মিত গাছটির সঙ্গে ঘর্ষণ লাগছে। দীর্ঘদিনের এ ঘষামাজায় গাছটির অর্ধেকেরও বেশি অংশ ক্ষয়ে গিয়ে সরু হয়ে পড়েছে। ফলে গাছটি তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, কালবৈশাখী বা ঝড়-তুফানের মৌসুমে গাছটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী এই সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। পাশাপাশি এটি এলাকাবাসীর চলাচলেরও অন্যতম প্রধান পথ। এমন পরিস্থিতিতে গাছটি উপড়ে বা ভেঙে পড়লে বড় ধরনের প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন যেন দ্রুত গাছটি অপসারণের ব্যবস্থা নেয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে রাধানগর বাজারের ব্যবসায়ী সাব্বির আহমদ সানি বলেন, “গাছটির অর্ধেকের বেশি অংশ ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। এখন ঝড় হোক বা না হোক, যেকোনো সময় এটি ভেঙে পড়তে পারে। আমরা দ্রুত এটি অপসারণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

No comments:
Post a Comment