মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার নাইট চৌমুহনী এলাকায় সানাবিল লাইব্রেরি এন্ড এডুকেশন সেন্টারে ‘ইফতার ও জুলাই প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টায় বই পড়া কর্মসূচি, জুড়ী উপজেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিক্ষা ও সমাজ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা শুরু করলেও ধীরে ধীরে বিভিন্ন কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে যায়। অর্থনৈতিক সংকট, পারিবারিক সমস্যা এবং অভিভাবকদের অক্ষমতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী মাঝপথেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে।
আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে সাইফুল ইসলাম বলেন, প্রথম শ্রেণিতে অনেক শিক্ষার্থী ভর্তি হলেও পঞ্চম শ্রেণি পর্যন্ত পৌঁছাতে গিয়ে অনেকেই ঝরে পড়ে। অষ্টম, দশম ও উচ্চমাধ্যমিকে যেতে যেতে শিক্ষার্থীর সংখ্যা আরও কমে যায়। ফলে অনেকেই বাধ্য হয়ে কৃষিকাজ, দিনমজুরি কিংবা বিভিন্ন পেশায় যুক্ত হয়ে পড়াশোনা ছেড়ে দেয়।
তিনি আরও বলেন, অনার্স ও মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে পারলে অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস কর্মকর্তার মতো বড় সুযোগ পায়। কিন্তু গ্রামাঞ্চলের অনেক মেধাবী ছেলে-মেয়ে অর্থাভাবে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়।
সাইফুল ইসলাম বলেন, “আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না এবং গ্রামের প্রতিটি ছেলে-মেয়েও উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিনা বেগম (মদন মোহন কলেজ, সিলেট), সাহল আব্দুল্লাহ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ইয়াসিন আলী (নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা), আতিক আহমেদ (তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ), অনামিকা ও অর্ক (জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়) এবং মারিয়া আক্তার (জাহাঙ্গীরাই দাখিল মাদ্রাসা)সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

No comments:
Post a Comment