" মসীহ"
লেখকঃ সালাম মালিতা
![]() |
| লেখকঃ সালাম মালিতা |
বাতাসে আজ বারুদের গন্ধ
আতসবাজির মত পারমাণবিক বিস্ফোরণ চলছে,
কারণে-অকারণে ক্ষমতা দখলের লড়াইয়ে
যুদ্ধের দামামা বেজে উঠছে।
ক্ষণেক্ষণে কানে ভেসে আসছে
অগণিত মৃত্যুকাতর শিশুদের আর্তনাদ,
লাশ পোড়ার বীভৎস দুর্গন্ধে
ওষ্ঠাগত প্রাণ!
নির্বিচারে উলুখাগড়ার জীবনের বলিদান
শান্তির চুক্তি শুধু কাগজেই সীমাবদ্ধ,
স্বার্থের মসনদটি টিকিয়ে রাখতে
প্রকৃত সত্য ধামাচাপা পড়ছে।
বড্ড দুর্বিষহ জীবন...
একটুও দম নেওয়ার সুযোগ নেই
শুধুই দীর্ঘশ্বাস!
অপ্রস্ফুটিত ফুলের কলি
যারা পরাধীনতার শিকলে গৃহবন্দী-
স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে
আমি তাদের মসীহ হতে চাই।
রক্তক্ষয়ী সংঘর্ষে যারা নির্বিকার বলি হচ্ছে
তাদের স্বাধীন করতে চাই,
যাতে পৃথিবী থেকে অসামান্যের অভিশাপ রুখে
চিরতরের জন্য শান্তি বিরাজ করতে পারি।
সকল দুর্দশাগ্রস্ত মানুষের একটু সুখের জন্য
নিজের জীবনের বিনিময়ে হলেও-
আমি আজ তাদের মসীহ হতে চাই...
আমি মসীহ হতে চাই!!

No comments:
Post a Comment