গোয়াইনঘাটে দিনে অভিযান, রাতে চেকপোস্ট পেরিয়ে গরু-মহিষ প্রবেশ: প্রশ্নে এলাকাবাসী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 24 March 2026

গোয়াইনঘাটে দিনে অভিযান, রাতে চেকপোস্ট পেরিয়ে গরু-মহিষ প্রবেশ: প্রশ্নে এলাকাবাসী




নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। দিনের বেলায় অভিযানে তৎপরতা দেখা গেলেও, রাতে একই এলাকায় চেকপোস্ট পেরিয়ে ভারতীয় সীমান্ত থেকে গরু-মহিষ বোঝাই গাড়ির অবাধ চলাচলের অভিযোগ উঠেছে।

সম্প্রতি গোয়াইনঘাটে পুলিশের এক অভিযানে বালুভর্তি একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা প্রশংসিত হলেও, একই দিনে রাতের চিত্র ভিন্ন হওয়ায় জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চেকপোস্টের সামনে দিয়েই গরু-মহিষ বোঝাই একাধিক গাড়ি নির্বিঘ্নে চলাচল করে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনে অভিযান চালানো হলেও রাতে কেন এমন অবাধ প্রবেশ ঘটছে, তা বোধগম্য নয়।

একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ওসির নির্দেশ এলে আমরা ভারতীয় পণ্য আটক করি। অনেক সময় এসব মালামাল বিট অফিসারদের সঙ্গে কথা বলেই ছেড়ে দেওয়া হয়।”

এদিকে এমন বৈপরীত্যপূর্ণ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে অবৈধভাবে প্রবেশ করা গরু-মহিষের গাড়ি স্থানীয়ভাবে আটকের উদ্যোগ নিচ্ছেন।

সচেতন মহলের দাবি, সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আরও সমন্বিত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

No comments:

Post a Comment