কবিতা- মশগুল অনুভব
লেখকঃ সালাম মালিতা
তুমি বিনে বসন্তে আজ বৈরী হাওয়া বয়
বড্ড উথাল-পাতাল করে ছোটে
ঈশ!
রিক্ত হৃদয়ে অপেক্ষার মালায় নতুন পুঁথি যুক্ত হয়-
মন খারাপের রোজনামচা বেড়ে যায়
কারণ শুধু তুমি!
আম্রকাননের অপুষ্ট মুকুলের মত স্বপ্নেরা
ঝরতে শুরু করে
দুর্বিষহ!
নিরাশার হটকারিতায় মনোবলের কক্ষে-
অদৃশ্য জিঞ্জির পড়ে
ভীষণ একা লাগে..
বড্ড একা!
কেঙ্গারুর মত লাফিয়ে লাফিয়ে অপ্রাপ্তি এসে
ধূলো ঝড়ের মত জড়ো হয়
বিষন্ন হৃদয়!
তোমার মনের এজলাসে আসামির মত দাঁড়িয়ে
ভালোবাসার দায়ে দোষী আমি...
হ্যাঁ আমিই দোষী!
প্রখর সূর্যের মত প্রতিনিয়ত নিজেকে পুড়িয়ে
তোমার তরে আলো জ্বেলেছি
বড্ড ভয় হয়!
তোমাকে আলোকিত করতে করতে
আজ আমি নিঃস্ব...
প্রেম ভিখারি!
নিকষ কৃষ্ণ রাতের মত তোমার সকল কষ্ট শুষে
আজ আমার করে নিয়েছি
জীবন্ত লাশ!
তোমার প্রতিটা শিরা-উপশিরায় মিশে গিয়ে
আমি আমার বলতে তোমাকেই বুঝি
তুমি ছাড়া আমার অস্তিত্ব অলীক...
আমি নশ্বর!
জীবনদায়ী অক্সিজেনের মত তুমি আমার
সকল ভাবনায় স্থান নিয়েছ
নিরুপায় আমি!
বিধাতার কাছে শেষবারের প্রার্থনায় আমি
আবারও তোমাকেই চাই..
এই জীবনের আমার ভালোবাসা মানে
শুধুই তুমি!!

No comments:
Post a Comment