Monday, 16 February 2026
বিএনপির সংঘাত ও দুর্বলতার সুযোগে জামায়াতের জয়লাভ রংপুরে
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় কোন্দল এবং একাধিক বেসরকারি সংস্থার (এনজিও) ক্ষুদ্রঋণ ও প্রণোদনার প্রলোভনকে কাজে লাগিয়ে দলের সদস্য সংগ্রহ করেছিল জামায়াত। এই দুই কৌশলে জামায়াত রংপুরের ৬টি আসনে জয়লাভ করে। ফলে প্রত্যাশিত জয়ের সম্ভাবনার ভরাডুবি ঘটে বিএনপির।
দেশ স্বাধীনের পর থেকে সংসদ নির্বাচনে কোনো আসনে একটি প্রার্থীও জয়লাভ করতে পারেনি জামায়াতের। ভোটের এমন ফলাফল দেখে রংপুরের সাধারণ ভোটার ও সুধীজন হতবাক হয়েছেন।
যুগান্তরের অনুসন্ধানে ও পর্যবেক্ষণে দেখা গেছে, ভোটের আগে থেকেই জামায়াত একাধিক এনজিওকে তাদের দলের প্রচারণার কাজে মাঠে নামিয়েছিল। এসব এনজিও মূলত ক্ষুদ্রঋণ প্রকল্প ও বিভিন্ন খাতে সুদের বিনিময়ে আর্থিক প্রণোদনা দিয়ে থাকে। তারা ভোটের আগে থেকেই বিশেষ করে গ্রামের অশিক্ষিত ও দরিদ্র জনগোষ্ঠীকে টার্গেট করে জামায়াতের সদস্য ও ভোট দেওয়ার শর্তে তাদের জন্য আর্থিক কার্যক্রম চালু করে।
বিশেষ করে গ্রামীণ নারীদেরই সদস্য করা হয় বেশি। শুধু তাই নয়, অনুসন্ধানে আরও দেখা গেছে- প্রিসাইডিং অফিসার হিসেবে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অনুগত আনসার ও পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল। এসব অনুকূল পরিবেশ তৈরি করে কৌশল ভোটের দিন জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে এরাই ভোটে জয়লাভ করার জন্য কাজ করেছিল।
এ নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিএনপির রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম, রংপুর-৩ (সদর-সিটি আংশিক) সামসুজ্জামান সামু ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের এমদাদুল হক ভরসা। তারা তিনজনই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত ও জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার জন্য দায়ী করেছেন রংপুর জেলা প্রশাসক, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে। তাদের প্রশ্রয়ে এভাবে ভোটের ফলাফল বদলিয়ে দেওয়া হয়েছে।
রোববার এ নিয়ে জেলা প্রশাসকের দপ্তর ঘেরাও করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন তিন প্রার্থীসহ দলের নেতাকর্মীরা।
রংপুর-৬ আসনে সোমবার পীরগঞ্জে হাসারপাড়া প্রাইমারি স্কুলের ভোট কেন্দ্রে বিপুলসংখ্যক ধানের শীষের সিল মারা ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর অভিযোগের সত্যতা মিলেছে। এ আসন পীরগঞ্জে দলীয় কোন্দল থাকলেও তা ভোটের প্রচারণায় কোনো প্রভাব ফেলেনি। সবাই ভোটের মাঠে সক্রিয় ছিলেন।
রংপুর-৫ মিঠাপুকুর আসনে সবচেয়ে ভোটার সংখ্যা বেশি। এই আসনে বিএনপির দলীয় কোন্দল থাকলেও তা ভোটের মাঠে বোঝা যায়নি। তবে এ আসনে জামায়াতের দলীয় একাধিক এনজিও ভোটের মাঠে কাজ করেছে। তারা বিভিন্ন আর্থিক সুবিধার শর্তে দলের সদস্য সংগ্রহ করে দলীয় ভোট বাড়িয়েছে।
রংপুর-৪ আসনে যদিও দলের প্রার্থী এমদাদুল হক ভরসার পক্ষে বিএনপির দলের নেতাকর্মীরা কাজ করেছেন সেখানে তিনি তার পরাজয়ের জন্য জামায়াতের পক্ষে ভোট কারচুপির সঙ্গে জড়িত রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনকে দায়ী করেছেন।
রংপুর-৩ আসনে মনোনয়ন প্রার্থী ছিলেন বিএনপির মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। তিনি নির্বাচনে প্রার্থিতার জন্য দলের শীর্ষ পর্যায়ে দেনদরবার করে ব্যর্থ হন। দলের প্রার্থী মনোনয়ন দেওয়ার পরও তিনি তার পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছেন। শেষ পর্যন্ত বিফল হয়ে প্রচারণা থেকে সরে আসলেও তিনি দলের প্রার্থীর পক্ষে ভোটের মাঠে সরব ছিলেন না। তার অনুসারী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও দলের প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে নির্বাচনি প্রচারণায় উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যায়নি।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে সংখ্যালঘু ভোটার সংখ্যা বেশি থাকলে তা কাজে আসেনি বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের জন্য। কারণ এ আসনে বিএনপির দলীয় কোন্দল ছিল চরম পর্যায়ে যা ভোটের মাঠে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য পরিতোষ চক্রবর্তী ও আজিজুল হক। দুই নেতাই মনোনয়ন বঞ্চনার কারণে সরাসরি দলের প্রার্থীর বিপক্ষে ভোটের মাঠে কাজে সক্রিয় ছিলেন। তার প্রভাব পড়েছে ভোটের শেষ ফলাফলে।
রংপুর-১ (সদর-সিটি আংশিক) আসনে দলের প্রার্থীর দুর্বলতার কারণে তিনি পরাজিত হয়েছেন। গংগাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি তিস্তা নদীর চরাঞ্চল ও নদী ভাঙনপ্রবণ এলাকা। এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে জামায়াতের একাধিক এনজিওর মাধ্যমে আর্থিক সুবিধা ও ঋণ প্রকল্পের সুবিধা দিয়ে প্রভাবিত খুব সহজেই জামায়াত প্রার্থী জয়লাভ করেছে।
জামায়াত বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও দলীয় কোন্দল কাজে লাগিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক ঋণ সহায়তা ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে দলের সদস্য সংগ্রহ করে নির্বাচনি কৌশলে জয়লাভ করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment