(কুড়িগ্রাম)প্রতিনিধি:
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ, সহযোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন। পরে মিছিলটি পুরাতন সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হলে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন,একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম,সদস্যসচিব শহিদুল ইসলামসহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment