তোমার শরীরের সুবাস নিবো
নাট্যকার মোঃ মনির সরদার
তোমার শরীরের
সুবাস নেবো বলে,
গাছের ফুলগুলো আজও
ফুটতে দিইনি অবহেলে।
তোমার ভাবনায়
আমার সময় কাটবে বলে,
অন্য কোনো স্বপ্নকে
আসতে দিইনি চোখের কোণে।
তোমার রূপের আলোয়
আলোকিত হবো বলে,
রাতের চাঁদটাকেও
দেখিনি আজ দু’চোখ মেলে।
তোমায় দেখার বাসনায়
অন্য কারও দিকে তাকাইনি,
তোমার ঠোঁটের হাসির কাছে
কারও হাসিতে মুগ্ধ হইনি।
তোমার চোখের পাতায়
মায়ার ভাষা পড়বো বলে,
তুচ্ছ কোনো প্রেমের মায়ায়
জড়াইনি নিজেকে ভুলে।
মনের গভীর অনুভবে
তোমার নামটি লিখেছি,
তুমি আসবে কবে আমার ঘরে
বধূবেশে সেই স্বপ্ন এঁকেছি।
নীল আকাশের রংধনুতে
শেষ গল্পটি তোমারই হবে,
আমার হৃদয়ের প্রতিটি পৃষ্ঠা
শুধু তোমার নামেই রবে।
তোমার প্রেমের আদরে
আমি ভিজবো বলে,
শিশিরভেজা সকালের ঘাসে
ভিজিনি আজও একা।
আমার সময় চলে যায়
শুধুই তোমার ভাবনায়,
তুমি আসবে—এই আশাতেই
রাত জাগি নীরব নেশায়।
রাতে জোনাকি উড়ে বেড়ায়
আমার ছোট্ট আঙিনায়,
তবুও কোনো অভিমান নেই
তুমি আছো আমার অপেক্ষায়।
ফুল ফুটুক, চাঁদ উঠুক,
রাত নামুক নীরবে,
আমি শুধু তোমাকেই চাই
জীবনের সঙ্গী করে।
তোমার হাতটি হাতে নিয়ে
পথ চলবো শেষ নিঃশ্বাসে,
তোমার শরীরের সুবাস মেখে
বাঁচতে চাই তোমার ভালোবাসায়।

No comments:
Post a Comment