সিলেটের কানাইঘাট উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় মবিল ও টায়ার উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নি.) আশীষ কুমার তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২০ জুলাই ২০২৬ বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটে উপজেলার ৩নং দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগর পূর্ব গ্রামে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সেবুল আহমদ ওরফে আব্দুল্লাহ (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার গ্রিলঘেরা বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের বারান্দা থেকে ৯৯ পিস ভারতীয় মবিল এবং ৫টি এমআরএফ (MRF) ব্র্যান্ডের টায়ার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ৯৯ পিস ভারতীয় মবিলের আনুমানিক মূল্য ৫৯ হাজার ৪০০ টাকা এবং ৫টি টায়ারের মূল্য ১৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭৪ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় মামলা (নং-১৭, তারিখ: ২০ জুলাই ২০২৬) দায়ের করা হয়। মামলার তদন্তভার এসআই (নি.) দূর্গা কুমার দেবের ওপর ন্যস্ত করা হয়।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) দূর্গা কুমার দেব অভিযান চালিয়ে পলাতক আসামি সেবুল আহমদ ওরফে আব্দুল্লাহ (৩৫), পিতা- আব্দুস সোবহান, গ্রাম- দর্পনগর পূর্ব, ইউনিয়ন- দিঘীরপাড়, থানা- কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (২১ জুলাই) যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments:
Post a Comment