নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর গরুর বাজারের ইজারাদার মো. সিরাজ উদ্দিন পশুর হাট পরিচালনায় প্রায় ৭৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, প্রশাসনের উদাসীনতা ও অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এ ক্ষতির মুখে পড়তে হয়েছে।
সোমবার (১৬ জুন) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে সিরাজ উদ্দিন জানান, ১৪৩৩ বাংলা সনের জন্য তিনি গোয়াইনঘাট উপজেলার রাধানগর গরুর বাজার এক কোটি ১০ লাখ ৫ হাজার ২০০ টাকায় এক বছরের জন্য ইজারা নেন। ইজারা মূল্য, ভ্যাট ও আয়করসহ সরকারের নির্ধারিত সকল রাজস্ব পরিশোধের পর উপজেলা প্রশাসন তাকে বাজার বুঝিয়ে দেয়।
তিনি অভিযোগ করেন, ইজারা গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে অনুমোদনবিহীনভাবে গরু-ছাগলের হাট বসানো হয়। বিষয়টি তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একাধিকবার ছবি ও ভিডিওসহ অবহিত করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তার দাবি, অবৈধভাবে পরিচালিত এসব পশুর হাটে ব্যাপক গরু-ছাগল কেনাবেচা হওয়ায় রাধানগর গরুর বাজারের আয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গোয়াইনঘাট বাজার নৌকার হাট, গোয়াইনঘাট বাজার ও জাফলং এলাকার বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়াই পশুর হাট পরিচালনা এবং খাস আদায়ের ঘটনা ঘটেছে। এসব বাজারে গরু-ছাগল বিক্রির হাসিল রসিদও তার কাছে রয়েছে বলে জানান তিনি।
সিরাজ উদ্দিন বলেন, “ব্যাংক ঋণের অর্থ দিয়ে সরকারি নিয়ম মেনে বাজার ইজারা নিয়েছিলাম। কিন্তু অবৈধ বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার কারণে প্রায় ৭৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছি।”
তিনি জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করলেও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে তিনি তার আর্থিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

No comments:
Post a Comment