উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 30 May 2026

উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

 


মো. কাওছার হোসেন, স্টাফ রিপোর্টারঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় স্থানীয় সাধারণ জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিনিয়ত প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি বাটাজোর এলাকায় তাজ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৭১) একটি বাসের বেপরোয়া গতির কারণে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উজিরপুর পৌরসভার একই পরিবারের তিন সদস্য নিহত হন। এ ঘটনায় জড়িতদের বিচার এবং মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেন।

বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহতদের বন্ধু মো. ইলিয়াস হোসেন, খালাতো ভাই গোলাপ ও বকুল, ছোট ভাই মো. মাসুদ রানা, স্থানীয় সমাজসেবক মো. জুলহাস হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস উজিরপুর উপজেলা শাখার সভাপতি মো. আশিকুর রহমান সুমন, মো. তারিকুল ইসলাম আরিফ, মো. কাওছার রাড়ী, মো. রায়হান হোসেন রুমি শরীফ, মো. ওমর ফারুক, মো. আলী হোসেন, মো. রিয়াজুল ইসলাম, মো. হাইউম বালী, মো. সোহেল, সেতু হাওলাদার, রুহুল বালী, মো. জুবায়ের হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উজিরপুর উপজেলা শাখার প্রতিনিধি মো. রাবিন মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ।

বক্তারা বলেন, “আর কত প্রাণ ঝরলে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে? প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষের জীবন ঝরে যাচ্ছে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা জরুরি।”

তারা আরও বলেন, এ দাবির বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে, যাতে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীত করে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

No comments:

Post a Comment