শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তরুণ রাজনীতিবিদ ও নাট্যকার মোঃ মনির সরদার। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোসাইরহাটবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি একটি আধুনিক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দীর্ঘদিন ধরে রাজপথের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত মনির সরদার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এমসি কলেজ ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
আলাওলপুর ইউনিয়নের গরিবের চরের কৃতি সন্তান মনির সরদার বলেন, তিনি একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, ভূমিদস্যুমুক্ত ও দখলবাজমুক্ত আধুনিক গোসাইরহাট গড়ে তুলতে চান। শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার কারণে স্থানীয়ভাবে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন বলেও উল্লেখ করেন।
রাজনৈতিক জীবনে সক্রিয় থাকার কারণে গত ১৭ বছরে তিনি হামলা, মামলা ও বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান। তবে কোনো প্রতিকূলতা তাকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম থেকে সরাতে পারেনি বলেও দাবি করেন তিনি।
মনির সরদার বলেন, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত ও ন্যায়ভিত্তিক উপজেলা গড়ে তোলা সম্ভব। তিনি গোসাইরহাটবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “জনগণ আমাকে কাজ করার সুযোগ দিলে সততা, ন্যায় ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি গোসাইরহাট উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

No comments:
Post a Comment