সিলেটে নগরীর আখালিয়ায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 11 March 2026

সিলেটে নগরীর আখালিয়ায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

সিলেট নগরীর আখালিয়া এলাকায় বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিজিবি সদস্য, ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১১টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। বিজিবি সিলেট ব্যাটালিয়নের মিডিয়া বিভাগ জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে ব্যাটালিয়নের প্রধান ফটকের বিপরীতে অবস্থিত সারিবদ্ধ দোকানগুলোতে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা নিজস্ব ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিকটস্থ একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিজিবি সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে অন্তত ৮ থেকে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মুদি দোকান, ইলেকট্রনিক্সের দোকান, ফার্নিচারের দোকান এবং সাইকেল ও মোটরসাইকেল মেরামতের ওয়ার্কশপ রয়েছে। এতে ব্যবসায়ীদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের বহুদিনের উপার্জন মুহূর্তেই ছাই হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয়রা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এলাকায় বৈদ্যুতিক সংযোগ ও ট্রান্সফরমারের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ।

No comments:

Post a Comment