![]() |
ক্ষমতায় গেলে সংসদে মানুষের তৈরি আইন আর চলবে না, ইসলামী আইন চালুর ঘোষণা জামায়াত নেতার
রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় সংসদে মানুষের তৈরি করা আইন আর চলতে দেওয়া হবে না এবং এর পরিবর্তে ইসলামী আইন কায়েম করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মজিবুর রহমান। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বিদ্যমান আইনি ও রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তনের এই অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি দাবি করেন যে, ইতিপূর্বে যারা শাসন ক্ষমতায় ছিল তারা জনগণের শান্তি নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
বক্তব্যে মজিবুর রহমান বলেন, 'স্বাধীনতার পর ৫৪ বছরে বিভিন্ন সময় তিনটি দল রাষ্ট্রক্ষমতায় এলেও জাতীয় সংসদে 'আল্লাহর আইন' পাশ করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, 'যাদেরকে ইতোমধ্যে দেখা হয়েছে, তাদের আর দেখার প্রয়োজন নেই—কারণ তারা দেশকে শান্তি দিতে পারেনি; বরং অশান্তি ও লুটপাট করেছে'। দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি ডিজিটাল অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দিলে কেউ ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে পারবে না'।
জনসভায় তিনি আরও ঘোষণা করেন যে, 'ড. শফিকুর রহমানের নেতৃত্বে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করা হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সরকার গঠন হলে রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে'। এর বিপরীতে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ নিয়ে সতর্ক করে তিনি মন্তব্য করেন যে, ‘না’ ভোট দিলে আগের মতো আধিপত্যের চাপে দেশ পরিচালিত হবে। জামায়াত ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় দলের মনোনীত চার প্রার্থী উপস্থিত ছিলেন এবং তারা দেশ পরিচালনায় নতুন এক রাজনৈতিক ও আদর্শিক রূপরেখা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

No comments:
Post a Comment