Wednesday, 11 February 2026
নির্বাচনে সিলেট পুলিশের যেসব নির্দেশনা মানতে হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ সাতটি নির্দেশনা জারি করেছে। পুলিশের এই নির্দেশনা যথাযথ পালন করার একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সাথে কেউ পুলিশের নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন নির্বাচনি এলাকায় নিম্নবর্ণিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:-নির্দেশনা সমূহ হলো- কোন নির্দিষ্ট নির্বাচনি এলাকার ভোটার অন্য কোন নির্বাচনি এলাকায় কোন ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে ভিন্ন নির্বাচনি এলাকার ভোটারকে অপর নির্বাচনি এলাকার ভোটকেন্দ্রের আশেপাশে দেখা গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক নাগরিক ভোটাধিকার প্রয়োগের অধিকার সংরক্ষণ করেন। এক্ষেত্রে কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক কোন ভোটারকে ভোট কেন্দ্রে যেতে বাধা দান বা ভয়ভীতি প্রদর্শনের তথ্য প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটদানের পর কেন্দ্রের আশপাশে অবস্থান না করতে অনুরোধ করা হলো। অননুমোদিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনি আইন অনুযায়ী ভোটার শনাক্তকরণে মুখমণ্ডল প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে নিয়ম মোতাবেক মুখমণ্ডল প্রদর্শন না করে পরিস্থিতি ঘোলাটে করা কিংবা ভোটের লাইনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা থেকে বিরত থাকুন। উসকানিমূলক বক্তব্যে কান দেবেন না। যাচাই-বিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকুন।সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করুন। নির্বাচনকালীন সার্বক্ষণিক নাগরিক সুরক্ষা পেতে সিলেট মেট্রোপলিটন পুলিশের জরুরি সেবা GenieA অ্যাপ ব্যবহার করুন অথবা হটলাইন নম্বর-০১৩৩৯-৯১১৭৪২-এ সরাসরি কল করুন। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment