একটি দল, যারা ধর্মের অপব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে মানুষকে দিয়ে শিরক করানোর চেষ্টা করছে তারা ধর্মকে পুঁজি করে ফায়দা নেওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে। যারা একাত্তরে দেশ চায়নি সেই স্বাধীনতাবিরোধী চক্র দেশ দখলের পায়তারায় নেমেছে। যাদের কারণে ৩০ লাখ লোক শহীদ হয়েছে, ২ লাখ মা- বোন সম্ভ্রম হারিয়েছে তারা অনেকটা একই কায়দায় বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশটাকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে।
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বেতাগী ৩ নং হোসনাবাদ ইউনিয়ন এর হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মনি এসব কথা বলেন।
মনি আরো বলেন, বিএনপি মানুষকে ভালো রাখার রাজনীতি করে। যখনই দেশ ক্রান্তিকাল পার করেছে তখনই বিএনপি দেশের হাল ধরেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে, বেগম খালেদা জিয়া-তারেক রহমান গণতন্ত্রের কাণ্ডারী হয়ে দেশের জন্য করেছেন, করছেন।
তিনি বলেন, এই জনসভায় আজকে যারা আমাকে ভালোবেসে এসেছেন যারা মনে করছেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন, আপনাদের উদ্দেশে বলি- আমি নির্বাচিত হলে এই বেতাগী থেকেই আমি আপনাদের জন্য আপনাদের ভাগ্য বদলের হাতিয়ার হয়ে কাজ করব ইনশাআল্লাহ। দেশের উন্নয়নের স্বার্থে, মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপিকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।
সাধারণ জনতার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল। সাধারণ জনগণ ছাড়াও বিএনপি ও অঙ্গসংঘটনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment